পুজোর প্যান্ডেল দর্শনে পরিবহণ দফতরের ধামাকা, আজই বুক করুন আপনার টিকিট!

বার্তা ডেস্কঃ

আসন্ন দুর্গাপূজায় শহরবাসী ও পর্যটকদের জন্য বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দফতর। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা। শহর কলকাতার পাশাপাশি শহরতলি থেকেও এসপ্ল্যানেড, বারাসাত, টালিগঞ্জ কিংবা ডানলপ থেকে বিলাসবহুল বাস, এসি ট্রাম এবং জলপথে লঞ্চে করে মণ্ডপ দর্শনের সুযোগ থাকছে। তালিকায় রয়েছে কলকাতার বিখ্যাত বারোয়ারি পুজো থেকে শুরু করে শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ি ও লাহা বাড়ির মতো ঐতিহাসিক বনেদি বাড়ির পুজো। এমনকি জয়রামবাটি ও কামারপুকুর দর্শনের জন্য থাকছে সিএনজি বাস পরিষেবা। রুটের ধরন অনুযায়ী জনপ্রতি ভাড়া ৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং শিশুদের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়।

পরিক্রমার সময় দর্শনার্থীদের জন্য থাকছে প্রাতরাশ, ঐতিহ্যবাহী বাঙালি মধ্যাহ্নভোজ, পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত। পাশাপাশি যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাসে থাকবেন যাত্রী সহায়ক। আগ্রহী দর্শনার্থীরা এসপ্ল্যানেড, যাদবপুর, বেহালা, টালিগঞ্জ ও বারাসাতের সিটিসি কাউন্টার এবং পরিবহণ ভবন থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। বুকিং সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ৯৮৩০১৭৭০০০ এবং ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বরে। টিকিট সংরক্ষণের সুবিধা ও রুট সংক্রান্ত অতিরিক্ত যাবতীয় বিবরণ মিলবে ডাব্লিউবিটিসির (WBTC) নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে। যাত্রা চলাকালীন নিরাপত্তার স্বার্থে প্রত্যেক যাত্রীকে সঙ্গে সচিত্র পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *