খড়দহে হাসপাতাল চত্বরে ভয়াবহ বোমাবাজি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুরে বিজেপির দলীয় কর্মসূচি ঘিরে প্রকাশ্যে এল তীব্র গোষ্ঠীকোন্দল। গত সোমবার রাতে ঠাকুর কলোনিতে আয়োজিত এক সভায় তোলাবাজি এবং দলে ‘তৃণমূলীকরণ’-এর অভিযোগ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বচসা থেকে মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যার জেরে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। এই ঘটনায় চারজন কর্মী আহত হলে তাঁদের বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে উত্তেজনা সেখানেও থামেনি; জরুরি বিভাগের সামনেই পুনরায় দুই গোষ্ঠী মারপিট ও বোমাবাজিতে জড়িয়ে পড়ায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রহড়া থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ক্ষুব্ধ কর্মীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। অশান্তি ছড়িয়ে পড়ে সংলগ্ন পাতুলিয়া এলাকাতেও, যেখানে পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। বিজেপির উত্তর শহরতলী জেলা সভাপতি চন্ডীচরণ রায় জানান, পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দলের কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।