প্রোটিন পাউডার মানেই পানীয় নয়! কর নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়
বার্তা ডেস্কঃ
ক্রেতা পরে কীভাবে ব্যবহার করবেন, তার ওপর নির্ভর করে পণ্যের করের শ্রেণি নির্ধারণ করা যাবে না। ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেডের প্রোটিন পাউডার সংক্রান্ত এক মামলায় এমনই স্পষ্ট ও গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের সাফ বক্তব্য, বিক্রির সময় পণ্যটি যে অবস্থায় রয়েছে, কর ধার্য হবে সেই ভিত্তিতেই। মধ্যপ্রদেশ কর দফতর এই পণ্যগুলিকে অ্যালকোহলবিহীন পানীয় হিসেবে ধরে ১০ শতাংশ কর বসাতে চেয়েছিল, যা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
মামলার কেন্দ্রবিন্দুতে ছিল সংস্থার জিআরডি পাউডার এবং জিআরডি মিক্স। কর দফতরের যুক্তি ছিল, এই পাউডার দুধ বা জলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় বলে শেষ পর্যন্ত এটি পানীয়ের পর্যায়ে পড়ে। কিন্তু বিচারপতি মনমোহন ও বিচারপতি অরুণ পাল্লির বেঞ্চ সেই যুক্তি নাকচ করে জানায়, একই পাউডার দিয়ে যেমন পানীয় তৈরি হতে পারে, তেমনই অন্য খাবারও বানানো সম্ভব। ফলে সম্ভাব্য ব্যবহারের ভিত্তিতে বেশি কর চাপানো আইনসম্মত নয়। এই রায়ের ফলে গুঁড়ো খাবার ও হেলথ সাপ্লিমেন্টের কর নির্ধারণে বড় স্বস্তি মিলল।