উৎসবের মরসুমে বড় ধাক্কা, বাড়বে কি আপনার ইএমআই?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে ঋণগ্রাহকদের জন্য এল বড় ধাক্কা। মূল্যবৃদ্ধির চাপ সামলাতে দীর্ঘ প্রায় চার বছর পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই সুদের হার ৫.২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৫.৫০ শতাংশে। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ার সংঘাত এবং খুচরো মূল্যবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রার উপরে থাকায় আর্থিক স্থিতি বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ করা হয়েছে।
রেপো রেট বাড়ার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলির তহবিল সংগ্রহের খরচ বৃদ্ধি পাবে, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে গৃহ, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের উপর। বিশেষ করে পরিবর্তনশীল বা ফিক্সড রেটের ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি কিংবা ঋণের মেয়াদ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতে ব্যাংকের আমানতের সুদের হার কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নতুন আমানতকারী গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।