রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর! চালু হলো শেয়ারযোগ্য ইউটিএস সিজন টিকিট

বার্তা ডেস্কঃ

কলকাতা: রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ‘RailOne’ অ্যাপে যুক্ত হলো এক নতুন ফিচার—’শেয়ারযোগ্য ইউটিএস সিজন টিকিট’। ভারতীয় রেলের টিকিটিং ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে একজন রেজিস্টার্ড অ্যাপ ব্যবহারকারী নিজের পাশাপাশি তাঁর পরিবারের সদস্য বা পরিচিত অন্যান্য যোগ্য যাত্রীদের জন্যও সিজন টিকিট (মান্থলি) বুক করতে পারবেন।

টিকিট বুকিংয়ের নিয়ম ও বয়সসীমা নতুন নিয়ম অনুযায়ী, অ্যাপের একজন নিবন্ধিত ব্যবহারকারী নিজের জন্য একটি এবং পরিবারের সদস্য বা অন্য যাত্রীদের জন্য সর্বোচ্চ আরও ৫টি—অর্থাৎ মোট ৬টি সিজন টিকিট বুক করার সুযোগ পাবেন।

  • নিজের জন্য টিকিট বুক করতে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
  • অন্য কোনো যাত্রীর জন্য টিকিট বুক করলে তাঁর বয়স অন্তত ৫ বছর হতে হবে।

কখন থেকে কার্যকর হবে টিকিট?

  • নিজের টিকিট: জিও-ফেন্সিং (Geo-fencing) যাচাই প্রক্রিয়া সফল হওয়ার পর টিকিটটি সেদিন থেকেই কার্যকর হবে।
  • অন্যের টিকিট: অন্য যাত্রীর উদ্দেশ্যে কাটা সিজন টিকিটটি বুকিংয়ের পরের দিন থেকে কার্যকর হবে।

সুরক্ষা ও পরিচয় যাচাই ব্যবস্থা টিকিট পরীক্ষা সহজ ও জালিয়াতিমুক্ত করতে ‘শেয়ারযোগ্য সিজন টিকিট’-এ ছবি এবং কিউআর (QR) কোড ভিত্তিক যাচাই ব্যবস্থা যুক্ত করা হয়েছে। টিকিটের ওপর যাত্রীর ছবি থাকবে এবং তা কিউআর কোডের মধ্যেও সংরক্ষিত থাকবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, টিকিট পরীক্ষক (TTE) এবং চেকিং স্কোয়াডকে এই কিউআর কোড স্ক্যান করার উপযোগী আপডেটেড ‘হ্যান্ড-হেল্ড টার্মিনাল’ (HHT) অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে।

ভ্রমণের সময় যা সঙ্গে রাখা বাধ্যতামূলক ভ্রমণের সময় যাত্রীদের কাছে অবশ্যই ‘শেয়ারযোগ্য সিজন টিকিট’-এর একটি স্পষ্ট প্রিন্ট কপি অথবা মোবাইলে থাকা পিডিএফ (PDF) সংস্করণ রাখতে হবে।

জরুরি সতর্কতা: RailOne অ্যাপের বুকিং রসিদ, ইনভয়েস কিংবা পুরোনো ইউটিএস পেপার টিকিটের কপি বৈধ ভ্রমণ নথি হিসেবে গণ্য হবে না।

কিউআর কোড নিয়ে রেলের নির্দেশিকা টিকিট এবং কিউআর কোডটি যেন সর্বদা পরিষ্কার, অক্ষত ও পাঠযোগ্য থাকে। কিউআর কোড কোনোভাবে ক্ষতিগ্রস্ত, বিকৃত বা অস্পষ্ট হলে ডিজিটাল যাচাই প্রক্রিয়া ব্যর্থ হবে। সেক্ষেত্রে রেলের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীকে বিনা টিকিটের যাত্রী (Ticketless Passenger) হিসেবে গণ্য করা হতে পারে এবং জরিমানা করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *