রাহুলের আর্জি খারিজ, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে শোরগোল!
বার্তা ডেস্কঃ
নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের নেতাদের নির্বাচন সদন অভিযানের পর মুখ খুলল কমিশন। ইসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত কোনও রাজনৈতিক দলই তাদের কাছে সাক্ষাতের কোনও সময় চায়নি। সংবাদমাধ্যমের সূত্রে খবর পেয়ে এবং পরবর্তীতে বিকেল ৪টে নাগাদ দিল্লি পুলিশের মাধ্যমে কমিশন জানতে পারে যে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ২৪০ জন সাংসদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে ও স্মারকলিপি জমা দিতে চান। তবে বৈঠকের জন্য সংসদ ভবনের অ্যানেক্সকে বেছে নেওয়া এবং যেভাবে আবেদন জানানো হয়েছে, তাকে নিজেদের নিয়মের পরিপন্থী ও ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছে কমিশন।
বিবৃতিতে কমিশন জানায়, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের জন্য ২০২৫ সালে তৈরি প্রোটোকল অনুযায়ী সাক্ষাৎ শুধুমাত্র নির্বাচন কমিশনের অফিসেই সম্ভব। সংসদীয় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে ইসিআই প্রথা ভেঙে ডিউটিতে থাকা সবচেয়ে সিনিয়র আধিকারিককে অ্যানেক্সে স্মারকলিপি সংগ্রহের জন্য পাঠানোর প্রস্তাব দিলেও বিরোধী সাংসদরা তা ফিরিয়ে দেন। উল্লেখ্য, বিরোধীদের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলে বাধা দেওয়ার পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক নেতাকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ৩০০ জন বিরোধী সাংসদের প্রশ্নের উত্তর ইসিআই কেন এড়িয়ে যাচ্ছে, ধর্নায় বসে সেই প্রশ্নই তুলেছেন রাহুল গান্ধী।