মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক বড় প্রশাসনিক পরিবর্তন এনে বিলুপ্ত ঘোষণা করা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনকে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সম্পূর্ণভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে রাজ্যের মাদ্রাসাগুলিতেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এসএসসির মাধ্যমেই পরিচালিত হবে। সরকারের আশা, এই পদক্ষেপে নিয়োগ প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং স্বচ্ছ হবে। অতীতে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা বেনিয়মের অভিযোগ উঠায় সরকার এই ভিন্ন প্রক্রিয়া আর রাখতে চাইছে না।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরও কঠোর করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ উচ্চশিক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, গত মাসেই রাজ্যের ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নোটিস এবং ১০০টি মাদ্রাসাকে শো-কজ করা হয়েছে। এর আগে গত ২২ জুলাই সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের চালানো সমীক্ষায় প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছিল।