ভোটার তালিকায় নাম নেই? দ্রুত অনলাইনে আবেদন করুন এই সহজ পদ্ধতিতে!
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত কিংবা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়ে যেসব ভোটারের নাম বাদ পড়েছিল, তাঁরা এখন থেকে নির্দিষ্ট অনলাইন পোর্টালে (ceowestbengal.gov.in/sir) অথবা সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল অফিসারদের ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন। এছাড়া বিএলও (BLO)-দের মাধ্যমে ফর্ম-৬ জমা দিয়ে নাম তোলার সুযোগ থাকবে। যেসব তরুণের বয়স নতুন করে ১৮ বছর হয়েছে, তাঁরাও প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
তবে এই নতুন নির্দেশিকা স্বস্তি আনলেও পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক ভোটারের ক্ষেত্রে তৈরি হয়েছে বড় সংশয়। কারণ, রাজ্যে ট্রাইব্যুনালে আটকে থাকা প্রায় ৩০ লক্ষ মানুষের জটিলতার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সমাধান দেওয়া হয়নি। ফলে সাধারণ প্রক্রিয়ায় ফর্ম-৬ পূরণ করে আবেদন করার সুযোগ থাকলেও, ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনি জটিলতায় থাকা সাধারণ মানুষ আদৌ এই সুযোগের সুফল পাবেন কি না, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বড়সড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে।