চোখের পলকে ধসে পড়ল শিমলা! পাথর ও মাটির নিচে চাপা পড়ল একাধিক গাড়ি

বার্তা ডেস্কঃ

হিমাচলপ্রদেশের শিমলায় ফের দেখা গেল প্রকৃতির ভয়াল রূপ। ধল্লি-সঞ্জৌলি বাইপাসে তাসের ঘরের মতো পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। ব্যস্ত রাস্তায় যানজটে আটকে থাকা সারিবদ্ধ গাড়ির ওপর হঠাৎই আছড়ে পড়ে বিরাটাকার শিলাখণ্ড ও জমানো মাটি। চোখের নিমেষে কয়েকটি গাড়ি চাপা পড়ে ধ্বংসস্তূপে। এই মারাত্মক বিপর্যয়ে প্রাণভয়ে পরিত্রাহী চিৎকার করে গাড়ি ছেড়ে পালাতে শুরু করেন আতঙ্কিত যাত্রীরা। মুহূর্তের মধ্যে ধুলোর মেঘে ঢেকে যায় গোটা এলাকা, যার ভয়ংকর ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই আকস্মিক ভূমিধসের জেরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা। তবে প্রাথমিক স্বস্তির খবর, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী। রাস্তা পরিষ্কার করতে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা যানবাহন উদ্ধারে নামানো হয় জেসিবি যন্ত্র। কয়েক টন ওজনের পাথর সরানোর এই কঠিন কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *