দেশের ব্যস্ততম রেল স্টেশনের তালিকায় বড় চমক বাংলার!
বার্তা ডেস্কঃ
ভারতীয় রেলের ২০২৩-২০২৪ অর্থবর্ষের সর্বাধিক যাত্রী সমাগম হওয়া শীর্ষ ১০০টি স্টেশনের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রতিদিন সারা দেশে প্রায় ২.৪ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। প্রকাশিত এই তথ্যভাণ্ডারে দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হিসেবে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের থানে, যেখানে বছরে ৯.৩০ কোটি যাত্রী যাতায়াত করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণ স্টেশন। তবে এই সর্বভারতীয় তালিকায় দেশের অন্যান্য মেট্রো শহরের পাশাপাশি বাংলার দুটি প্রধান ও জনপ্রিয় স্টেশন নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করে অনন্য নজির গড়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার ঐতিহাসিক হাওড়া স্টেশন, যেখানে বছরে ৬.১৩ কোটি যাত্রী যাতায়াত করে। অন্যদিকে, ৫.১৩ কোটি যাত্রী নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলার অপর ব্যস্ততম শিয়ালদহ স্টেশন। তাছাড়া, নয়াদিল্লি সপ্তম স্থানে এবং মুম্বই সেন্ট্রাল ষোড়শ স্থানে রয়েছে। পাশাপাশি, বর্ধমান, ভুবনেশ্বর, গয়া ও কানপুর সেন্ট্রালের মতো দেশের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিও এই তালিকায় নিজেদের নাম লিখিয়েছে।