অন্নপূর্ণা যোজনার টাকায় মুসলিমদের ভাগ কত? নন্দীগ্রামে ফাঁস বড় তথ্য!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সম্প্রতি সেপ্টেম্বর মাসে দেড় লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনে বিজেপির বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করার সময় এই অন্নপূর্ণা যোজনা নিয়েই মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের মোট ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা প্রাপকদের মধ্যে ২৪ লক্ষই হলেন মুসলিম মহিলা। এমনকি সাম্প্রতিক দফায় যে ৭০ হাজার মহিলা সুবিধা পেয়েছেন, তাঁর মধ্যেও ৩৫ হাজারই সংখ্যালঘু সম্প্রদায়ের।
সংখ্যালঘুদের ভোট পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল বা বামেদের এবার কোনো অস্তিত্বই ছিল না। তরুণ ও মহিলা ভোটাররা বিজেপিকে সমর্থন করেছেন, কারণ মোদীজির সৈনিকরা উন্নয়নে কোনো ভেদাভেদ করেন না। বিজেপি এলে মুসলিমদের বঞ্চিত করা হবে—বিরোধীদের এই অপপ্রচারের জবাবে তিনি স্পষ্ট করেন যে, উন্নয়ন থেকে কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। উপনির্বাচনের প্রচারের সময়ও তিনি জানিয়েছিলেন, নন্দীগ্রামের ২৭ শতাংশ এবং রেজিনগরের ৭০ শতাংশ সংখ্যালঘু মানুষকে সাথে নিয়েই তাঁরা একসাথে পথ চলতে ও সার্বিক উন্নয়ন পৌঁছে দিতে বদ্ধপরিকর।