ছুটি কাটাতে এসে মর্মান্তিক পরিণতি, ঘরেই মিলল পুলিশ ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ!
বার্তা ডেস্কঃ
আলিপুরদুয়ারে কর্মরত এক পুলিশ ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। মৃত ৪৮ বছর বয়সি সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেসপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি আলিপুরদুয়ারে জেলা পুলিশে কর্মরত থাকলেও ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মাসকয়েক আগে একটি পথ দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন তিনি এই চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।