ছেলের ওপর ভরসা করে বড় বাজি, শেষমেশ পরিবারেই ভাঙল স্বপ্ন!
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ রবিনকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভোটের দিন পুলিশি বাধা ও আটকের পর, হুমায়ুন অভিযোগ করেন তাঁর অনুপস্থিতিতে দলীয় কর্মীদের বুথ ছাড়ার নির্দেশ দিয়ে পুলিশ ও শুভেন্দু অধিকারীদের হাতে কার্যত আত্মসমর্পণ করেছেন তাঁর ছেলেই। অশ্রুসজল চোখে ছেলেকে ‘গদ্দার’ আখ্যা দিয়ে বিধায়ক হুমায়ুন সাফ জানান, রাজনীতি তাঁর ছেলের জন্য নয়, তাঁর এবার ব্যবসাতেই মন দেওয়া উচিত।
অন্যদিকে, রেজিনগরের এই রাজনৈতিক ড্রামা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের দাবি, নির্বাচনের দিনে পুলিশের সঙ্গে ইচ্ছা করে ঝামেলায় জড়িয়ে আদতে বিজেপির হাত শক্ত করতেই হুমায়ুন এই আটক হওয়ার নাটক সাজিয়েছেন। ভোট লুটের সুবিধা করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে পরিবারের অন্দরমহলের বিবাদ আর রাজনৈতিক চক্রান্তের অভিযোগে রাজ্য রাজনীতি এখন উত্তাল।