বাংলাদেশি সন্দেহে আটক! হাই কোর্টের নির্দেশে মুক্তি পেলেন মুর্শিদাবাদের ৪ শ্রমিক
বার্তা ডেস্কঃ
কলকাতা হাই কোর্টের তীব্র ভর্ৎসনা ও কড়া হস্তক্ষেপের পর অবশেষে ছত্তীসগঢ়ের হোল্ডিং সেন্টার থেকে মুক্তি পেলেন মুর্শিদাবাদের বাকি চার পরিযায়ী শ্রমিক। গত ৪ সেপ্টেম্বর বিলাসপুর থেকে বাংলাদেশি সন্দেহে ২৩ জন বাঙালি ফেরিওয়ালাকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ১৯ জন ছাড়া পেলেও ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিবাদ বিচারাধীন থাকায় শফিকুল ইসলাম, সাবির শেখ, নাসিরুদ্দিন শেখ ও লাল্টু শেখকে আটকে রাখা হয়। মামলায় ছত্তীসগঢ় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি কৃষ্ণ রাও বিচার বিভাগীয় এক্তিয়ার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আদালতের এই কড়া অবস্থানের পর শুনানির ঠিক আগের রাতে পুলিশ লিখিতভাবে তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে মুক্তি দেয়।
কাজের খোঁজে গিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিনাদোষে আটকে থাকার পর মুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সামশেরগঞ্জ ও সাহাবাদের ওই চার শ্রমিক। স্থানীয় আদালতের নির্দেশে আগের ১৯ জন মুক্তি পেলেও, বাকি চারজনের পরিচয় যাচাইয়ের প্রশাসনিক রিপোর্ট পাঠাতে বিলম্ব হওয়ায় পরিবারগুলি হাই কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়। এই ঘটনায় রাজ্য প্রশাসনের একাংশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। একইসঙ্গে এই কঠিন পরিস্থিতিতে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচারব্যবস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভুক্তভোগী পরিবারগুলি।