বাড়ির দেওয়ালে ‘গদ্দার’ স্লোগান, মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবনে নজিরবিহীন নিরাপত্তা!

বার্তা ডেস্কঃ

ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজধানী। ইন্ডিয়া জোটের লাগাতার এই বিক্ষোভ কর্মসূচির জেরে রাজনৈতিক পারদ চড়েছে চরমে। গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের আগ্রায় জ্ঞানেশ কুমারের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতাকর্মীরা। প্রতিবাদ চলাকালীন তাঁর বাড়ির ফটকে কালো কালিতে ‘জ্ঞানেশ গদ্দার’ সহ নানা আপত্তিকর স্লোগান লিখে দেওয়া হয়, যা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরই তাঁর নিরাপত্তা বাড়ানোর বিষয়টি জোরালো হয়ে ওঠে।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি জেড প্লাস নিরাপত্তা পেলেও, অতিরিক্ত সিআইএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে তাঁর দিল্লির বাসভবন ও নির্বাচন কমিশনের সদর দপ্তরে। এছাড়া তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বহরেও অতিরিক্ত কর্মী যুক্ত করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশি নজরদারি ও পিকেট বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *