রিজার্ভ ব্যাঙ্কের এক সিদ্ধান্তেই তোলপাড় দালাল স্ট্রিট, রাতারাতি তলানিতে শেয়ার বাজার!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক উত্তেজনার মাঝে বিশ্ববাজারে অশোধিত তেলের অনবরত মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দীর্ঘ চার বছর পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ নির্ধারণ করেছে, যা কার্যকর হয়েছে গত ৭ অক্টোবর থেকে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন তিন দিনের এমপিসি বৈঠকের এই ঘোষণার সরাসরি প্রভাব পড়েছে সর্বসাধারণের ওপর। গাড়ি, বাড়ি বা ব্যক্তিগত ঋণের সুদের হার একধাক্কায় বৃদ্ধি পাওয়ায় সাধারণ ঋণগ্রহীতাদের আর্থিক বোঝা অনেকটাই বেড়েছে।
সুদের হার বাড়ার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের লোকসান এড়াতে দ্রুত ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ মূলধন তুলে নিতে শুরু করেছেন। ফলে সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজারে বড় ধস নেমেছে। দিনের শুরুতেই সেনসেক্স ১,০৩২.৯৯ পয়েন্ট অর্থাৎ ১.৪২ শতাংশ কমে সর্বনিম্ন ৭১,৫৫০.৭৬ পয়েন্টে নেমে আসে। একই সঙ্গে নিফটি ৩৪২.২০ পয়েন্ট পড়ে তলানিতে ঠেকে ২২,২২৮ পয়েন্টে পৌঁছায়। সব মিলিয়ে আন্তর্জাতিক সামরিক সংঘাত ও কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতিগত বদলের দ্বৈত ধাক্কায় দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও গভীর দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে।