পুরভোটের আগেই বাজিমাত, কলকাতায় লড়বেন ৭০ জন নারী!

বার্তা ডেস্কঃ

কলকাতা: আসন্ন কলকাতা পুরভোটের আগে চূড়ান্ত হল মহিলা প্রার্থীদের সংরক্ষণের তালিকা। সীমানা পুনর্নির্ধারণের পর বর্ধিত ২০৯টি ওয়ার্ডের মধ্যে মোট ৭০টি ওয়ার্ড মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে ৬৬টি আসন সাধারণ মহিলা এবং ৪টি আসন তফসিলি জাতির (SC) মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। চূড়ান্ত তালিকা সামনে আসতেই কলকাতা পুরসভার ক্ষমতার লড়াইয়ে কৌশল ও প্রার্থী বদলের তোড়জোড় শুরু করেছে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস—সব রাজনৈতিক শিবিরই।

প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তফসিলি জাতির মহিলাদের জন্য ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়েছে। এ ছাড়া তফসিলি জাতির সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড। তবে তফসিলি উপজাতির (ST) জন্য কোনো আসন রাখা হয়নি।

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য মোট ৬৬টি ওয়ার্ড সংরক্ষিত করা হয়েছে। এই ওয়ার্ডগুলি হলো— ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮।

প্রশাসন সূত্রের খবর, আগে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড থাকলেও নতুন সীমানা বিন্যাসের পর তা বেড়ে ২০৯টি হয়েছে। নতুন নিয়ম মেনেই ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইনের বিধান অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ‘ফর্ম বি’-এর ৩ ও ৪ নম্বর ধারা অনুসরণ করে এই বিজ্ঞপ্তি জারি করেছেন। ১৬ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকা নিয়ে কংগ্রেস, তৃণমূল ও বামেদের তরফ থেকে আপত্তি জানানো হলেও আইনি নিয়ম মেনেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে।

ওয়ার্ড সংরক্ষিত হয়ে যাওয়ায় একাধিক ওয়ার্ডে পুরনো সম্ভাব্য প্রার্থীদের বদলে নতুন মহিলা মুখ সামনে আনতে হবে দলগুলিকে। রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী আগামী ২৮ বা ২৯ নভেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। যদিও কমিশন এখনো দিনক্ষণ নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের পর কলকাতার পুরভোটের পারদ আরও চড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *