হুথিদের বিরুদ্ধে হঠাৎ কেন যুদ্ধে নামল পাকিস্তানি যুদ্ধবিমান!

বার্তা ডেস্কঃ

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে— মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত এমন একটি চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানি সামরিক বাহিনীর এক শীর্ষ আধিকারিকের সূত্র ধরে ওই রিপোর্টে দাবি করা হয়, আকাশপথে সৌদি আরবকে সহায়তা করে হুথিদের ড্রোন ও মিসাইল প্রতিরোধে কাজ করছে পাকিস্তান। তবে এই বিস্ফোরক তথ্য সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রক তড়িঘড়ি এই রিপোর্টকে ‘ভুয়ো ও মনগড়া’ বলে খারিজ করে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী কোথাও বাহিনী মোতায়েন করা হলে তা নির্দিষ্ট কর্তৃপক্ষকে যথাসময়ে জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের ভারসাম্য বজায় রাখতেই মরিয়া হয়ে সাফাই দিচ্ছে পাকিস্তান। একদিকে সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও সামরিক সম্পর্ক রক্ষা করা প্রয়োজন, অন্যদিকে প্রতিবেশী ইরান এবং হুথি গোষ্ঠীর সরাসরি রোষানলে পড়ার ভয় রয়েছে। ইতিমধ্যেই হুথি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে যে পাকিস্তান নাক গলালে তার মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। সৌদি আরবকে সন্তুষ্ট রাখা এবং ইরানকে না চটানো— এই দু’নৌকায় পা দিয়ে চলার নীতি গ্রহণ করতে গিয়েই আন্তর্জাতিক মঞ্চে বেকায়দায় পড়েছে ইসলামাবাদ। সরাসরি যুদ্ধের ময়দানে না নামার দাবি করলেও, আকাশপথে সহায়তার খবর ফাঁস হয়ে যাওয়ায় পাকিস্তানের তৈরি মক্কা প্রতিরক্ষা চুক্তি ও নিরাপত্তা অবস্থান এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *