ভোটাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য, মুখ খুললেন রাজ্যের প্রাক্তন এজি!

বার্তা ডেস্কঃ

এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনকে ঘিরে দেশে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার আবহেই সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যে, কোটি কোটি নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করে নিজ দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে দেওয়ার যেকোনো পদক্ষেপই মৌলিকভাবে স্বেচ্ছাচারী। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের অসন্তোষের বিষয়টিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের আন্দোলন এবং আদালতের নোটিসের মুখে বিচারপতির এই কড়া পর্যবেক্ষণ দেশের সার্বিক পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

তবে বিচারপতির এই প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা বর্ষীয়ান সংবিধান বিশেষজ্ঞ জয়ন্ত মিত্র। তিনি স্পষ্ট জানান, বিষয়টি যখন ইতিমধ্যেই আদালতে বিচারাধীন, তখন এজলাসের বাইরে গিয়ে বিচারপতির এমন মন্তব্য করা উচিত হয়নি এবং এর একটি বড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে, একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি খোলা চিঠিতে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে আক্রমণ করে গণতন্ত্রকে অস্থির করার চেষ্টা চলছে। সব মিলিয়ে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আইনি ও রাজনৈতিক পরিণতি নিয়ে সারা দেশের নজর এখন আদালতের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *