উৎসবের মরশুমে শিয়ালদহ যাত্রীদের জন্য দারুণ সুখবর!
বার্তা ডেস্কঃ
দুর্গাপূজার পর যাত্রী দুর্ভোগ কমাতে এবং যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে শহরতলির ট্রেন পরিষেবায় বড়সড় রদবদল আনা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, অফিস যাত্রী, শিক্ষার্থী ও নৈশকালীন কর্মীদের কথা মাথায় রেখে শান্তিপুর-কৃষ্ণনগর সিটি জংশন শাখায় দৈনিক ট্রেনের সংখ্যা বাড়িয়ে একজোড়ার বদলে দুজোড়া করা হয়েছে, যা দিগনগর হল্ট হয়ে চলাচল করবে। নতুন সূচি অনুযায়ী, শান্তিপুর থেকে সকাল ৯:৩৪ মিনিটে ছাড়া আপ লোকাল ১০:৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছাবে এবং ফিরতি ডাউন ট্রেনটি কৃষ্ণনগর থেকে ১০:১৭ মিনিটে ছেড়ে ১০:৪৩ মিনিটে শান্তিপুরে পৌঁছাবে। পাশাপাশি শিয়ালদহ ও বজবজের মধ্যে রাতের যাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে একটি নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
এছাড়া শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় বাদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ (AC EMU) লোকাল ট্রেনের নতুন পরীক্ষামূলক স্টপেজ অনুমোদন করা হয়েছে। এর ফলে সাধারণের পাশাপাশি বহু যাত্রী এখন থেকে সরাসরি এসি ট্রেনের সুযোগ-সুবিধা পাবেন। সপ্তাহের সাধারণ দিনগুলিতে ৩১৮৪৫ আপ ট্রেনটি বেলা ১১:৫৩ মিনিটে এবং ৩১৮৪৬ ডাউন ট্রেনটি দুপুর ১:৪০ মিনিটে বাদকুল্লায় থামবে। আবার রবিবারের বিশেষ সময়সূচি অনুযায়ী, ৩১৮৪৭ আপ লোকালটি দুপুর ১:৫৯ মিনিটে এবং ৩১৮৪৮ ডাউন লোকালটি বিকেল ৪:১৫ মিনিটে এক মিনিটের জন্য দাঁড়াবে। রেলের এই গণমুখী সিদ্ধান্তে শহরতলীর লাখ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।