ভোটের মুখে ফর্ম-৭ নিয়ে বড় চমক, কমিশনের নতুন সিদ্ধান্তে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকা থেকে ইচ্ছেমতো নাম বাদ দেওয়ার খেলায় বড়সড় লাগাম টানল জাতীয় নির্বাচন কমিশন। ইতিপূর্বে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে একাধিক রাজ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সম্প্রতি উত্তরপ্রদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিল কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কোনও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া বা অন্তর্ভুক্তিতে আপত্তি জানানোর জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি ‘ফর্ম-৭’ জমা দিতে পারবেন। ৯ই অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
কমিশনের এই নতুন সীমা অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমের আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, অনেকেই উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়ায় বিপুল সংখ্যক অযৌক্তিক আপত্তি ও আবেদন দাখিল করতেন। রাজনৈতিক উদ্দেশ্যে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারসাজি রুখতেই কমিশনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত। এখন থেকে ১০টির বেশি আবেদন গ্রহণ করা হবে না, ফলে আবেদনকারীদের আরও বেশি সতর্ক হতে হবে। নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপের ফলে সাধারণ মানুষের হয়রানি যেমন কমবে, তেমনই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও নিখুঁত ভাব বজায় থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।