অবিলম্বে কার্ড জমা না দিলে মিলবে না সরকারি সুবিধা, কড়া নির্দেশিকা জারি করল নবান্ন!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় স্তরের (এআইএস) যে সমস্ত কর্মচারী বা পেনশনভোগী ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (ডব্লিউবিএইচএস)-এর অন্তর্ভুক্ত, তাঁরা আর ‘স্বাস্থ্য সাথী’ কিংবা ‘আয়ুষ্মান ভারত’ কার্ডের সুবিধা পাবেন না। অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের নজরে এসেছে যে, ডব্লিউবিএইচএস-এর আওতায় থাকা সত্ত্বেও অনেক সরকারি কর্মী ও পেনশনভোগী নিজেদের এবং পরিবারের জন্য এই অন্যান্য স্বাস্থ্য কার্ডগুলিও ব্যবহার করছেন। সরকারি নিয়ম অনুযায়ী, এই দুই ব্যবস্থার সুবিধা একসঙ্গে ভোগ করা যায় না। তাই প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়মকানুন বজায় রাখতে নবান্নের পক্ষ থেকে একটি নতুন এবং কড়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নতুন নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, যেসব কর্মচারী, পেনশনভোগী ও তাঁদের ওপর নির্ভরশীলদের কাছে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, তাঁদের তা অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা নির্ধারিত স্থানে জমা দিতে হবে। কার্ড সমর্পণের প্রমাণপত্রসহ নির্ধারিত ঘোষণাপত্র জমা দেওয়ার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ পালনে ব্যর্থ হলে ডব্লিউবিএইচএস-এর চিকিৎসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।