মহালয়ায় চালু জরুরি পরিষেবা! পুলিশকে নিয়ে কী বললেন শুভেন্দু?
বার্তা ডেস্কঃ
মহালয়ার পুণ্যলগ্নে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ডায়াল ১১২’ আপৎকালীন পরিষেবা। সাধারণ মানুষের সুরক্ষায় ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে প্রশাসন। একই সঙ্গে পুলিশের বহরে যুক্ত হয়েছে ৪৫০টি নতুন গাড়ি এবং মোটরবাইক। প্রতিটি থানার জন্য বরাদ্দ করা হয়েছে একটি করে গাড়ি ও বাইক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতীতের বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিগত সরকারের আমলে পর্যাপ্ত কর্মী ও পরিকাঠামোর অভাবে পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। তবে বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় পুলিশের শক্তি বৃদ্ধি করা হয়েছে এবং পুজোর আগেই ১১ হাজারের বেশি নতুন কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিয়ে পুলিশমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় পুলিশের গায়ে হাত তুললে কাউকেই ছাড় দেওয়া হবে না। পার্কস্ট্রিট কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে আইনকে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করা হলেও বর্তমান প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। সেই সঙ্গে রাজ্য পুলিশের কাজের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি হুশিয়ারি দিয়েছেন যে, নিষিদ্ধ কাফ সিরাপ ব্যবসা কিংবা অপরাধমূলক কাজকর্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নতুন পরিকাঠামো ও আধুনিক সরঞ্জামের সাহায্যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।