মানুষের মন ছুঁতে হবে সর্বস্তরে, বঙ্গে এসে কড়া বার্তা আরএসএস প্রধানের!

বার্তা ডেস্কঃ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে সর্বস্পর্শী করে তোলার ও সমাজের প্রতিটি স্তরে মানুষের মন জয় করার কড়া বার্তা দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরে বর্ধমানের উল্লাস উপনগরিতে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনদিনের এই সফরে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রান্তের সংগঠকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মোহন ভাগবত। বৈঠকে সাংগঠনিক রদবদল, শাখা বিস্তার এবং সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। পাশাপাশি, রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়েছে বলে সংঘ সূত্রে খবর।

শুক্রবার সকালেও প্রতিনিধিদের নিয়ে শরীরচর্চায় অংশ নেন সংঘ প্রধান। এছাড়া, বৃহস্পতিবার কলকাতায় পৌঁছানোর পর একটি বেসরকারি স্কুলের স্বয়ংসেবক সমাবেশে যোগ দেন এবং রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে সংগঠনের অভ্যন্তরীণ ও বিস্তারমূলক বৈঠক ছিল। এদিকে বঙ্গে দলীয় পরিধি আরও মজবুত করতে আগামী ডিসেম্বর মাসে মোহন ভাগবতের ফের রাজ্যে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। ওই সময়ে কলকাতার ব্রিগেডে আয়োজিত লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার এবং একাধিক প্রবুদ্ধ নাগরিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *