পুরভোটের আগে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, বাদ পড়া ভোটারদের ভাগ্য এবার কোন পথে?
বার্তা ডেস্কঃ
রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের সময় সুযোগ না মিললেও, আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোটে ভাগ্য খুলতে পারে এসআইআরে বাদ পড়া ভোটারদের। রাজ্যজুড়ে চলা জটিলতার মাঝে এই সংক্রান্ত মামলার শুনানির দিন এগিয়ে এনে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে, পূর্ব নির্ধারিত ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানির আয়োজন করা হবে। পুরনির্বাচনে বাদ পড়া আবেদনকারীরা আদৌ ভোটাধিকার পাবেন কি না, তা নিয়েই বসছে এই বিশেষ বেঞ্চ।
শীর্ষ আদালতে মামলাকারীদের আইনজীবীরা দাবি করেছেন, এসআইআর ট্রাইব্যুনালে এ পর্যন্ত যেসব আবেদনের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে প্রায় ৯৩ শতাংশ নামই পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সেই ভিত্তিতে ট্রাইব্যুনালে বিচারাধীন বাকি সব ভোটারদেরও পুরভোটে অংশ নিতে দেওয়ার আর্জি জানান তারা। তবে প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন, আদালতে নাম বাদ দেওয়া এবং যুক্ত করা—উভয় সংক্রান্ত আবেদনই জমা পড়েছে। সে ক্ষেত্রে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ভোটাধিকার ফেরানোর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে শীর্ষ আদালত।