দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন নিয়ে শোরগোল, পাক ক্রিকেটারের মন্তব্যে তীব্র উত্তেজনা!
বার্তা ডেস্কঃ
‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ও ভোটচুরি সংক্রান্ত প্রতিবাদের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নতুন দিল্লিতে। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না থাকলেও নির্ধারিত কর্মসূচি ঘিরে মধ্য দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী নেতাকে আটক করেছে পুলিশ। কঠোর পদক্ষেপের বার্তা দিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরে মোতায়েন করা হয়েছে প্রায় ২৬ হাজার পুলিশ ও আধাসেনা। এমনকি নয়াদিল্লি স্টেশনে ট্রেন চলাচল ও দূরপাল্লার রুট নিয়ন্ত্রিত করা হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আশা করব দিল্লি পুলিশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।’ তাঁর এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ হলো, আন্দোলন দমনে পুলিশ যেন কঠোর হাতে ময়দানে নামে। উল্লেখ্য, অতীতেও ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে মুখ খুলেছেন এই পাক ক্রিকেটার। তবে তাঁর এই সাম্প্রতিক মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।