সিজেপি আন্দোলনকে ‘ফ্যাশন’ কটাক্ষ দিলীপের, উঠল বিদেশি ফান্ডের মারাত্মক অভিযোগ!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যন্তর মন্তরে টানা বিক্ষোভ এবং গতদিন বিমান থেকে শীর্ষ নেতাদের আটকের পর রবিবার এই আন্দোলনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, দেশে কিছু মানুষের কাছে আন্দোলন করাটা একটা ‘ফ্যাশন’ হয়ে দাঁড়িয়েছে এবং যাদের কোনো কাজ থাকে না, তারাই এই ধরণের বিক্ষোভে সামিল হয়। একই সঙ্গে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও দিলীপ ঘোষ দাবি করেছেন যে, দেশের অস্থিতিশীলতা তৈরি করতে এবং অরাজকতা ছড়াতে এই আন্দোলনের পেছনে বিদেশি ফান্ডিং ও রাষ্ট্রবিরোধী শক্তির প্রত্যক্ষ মদত রয়েছে।
অন্যদিকে, শত বাধার পরেও সিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে যে ইস্তফা না আসা পর্যন্ত এই লড়াই থামবে না। গতকাল আন্দোলন স্থল থেকে প্রায় তিন হাজার মানুষকে আটক করার পর সকালে গ্রেপ্তার হওয়া তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্ত করা হলে তাঁরা পুনরায় ‘যন্তর মন্তর চলো’ অভিযানের ডাক দেন। একই সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিযোগ তুলেছে যে ইন্ডি জোটের সাথে হাত মিলিয়ে সিজেপি দেশ জুড়ে অরাজক পরিবেশ তৈরি করতে চাইছে। সব মিলিয়ে সিজেপির এই দীর্ঘমেয়াদী আন্দোলন এবং দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে জাতীয় ও রাজ্য রাজনীতি এখন দারুণ উত্তপ্ত।