নবান্নের কাছে যুবকের রহস্যমৃত্যু, রক্তে ভাসল এলাকা!

বার্তা ডেস্কঃ

কলকাতা: রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে মাত্র দেড়শো মিটার দূরে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। রবিবার সকাল ১১টা নাগাদ শরৎ চ্যাটার্জি রোডে দুটি বহুতল বাড়ির মাঝখানের রাস্তা থেকে ওই যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই রাস্তা দেহটি পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অঞ্জন চক্রবর্তী ওরফে ছোটকা (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। দেহ উদ্ধারের সময় দেখা যায়, তাঁর মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। মৃতদেহের পাশেই প্রচুর পেরেক পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পেরেকের ওপর পড়ে গিয়েই মাথায় মারাত্মক চোট পেয়েছেন অঞ্জন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি নেহাতই পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পেশায় ইলেকট্রিশিয়ান অঞ্জন নিয়মিত নেশা করতেন বলেই স্থানীয় সূত্রে খবর মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, নেশার ঘোরে কোনোভাবে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি জোরালো বলে মনে করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *