কুণালের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্টে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
সঙ্গে দু’জন সশস্ত্র পুলিশকর্মী থাকা সত্ত্বেও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর কেন দল বেঁধে হামলার ঘটনা ঘটল, সোমবার এই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। গত মাসে উত্তরপাড়া ও বেলেঘাটায় পরপর দু’দিন তাঁর উপর চলা হামলার ঘটনায় করা মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, বিধায়কের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারকে সজাগ থাকতে হবে। তবে এই মুহূর্তে অতিরিক্ত কোনো পুলিশি নিরাপত্তার নির্দেশ দেয়নি আদালত।
এর আগে শুনানিতে কুণালের আইনজীবী আদালতে সওয়াল করেন যে, তাঁর মক্কেলের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা তাঁর জীবন সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। অতীতে তিনি ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেলেও বর্তমানে তাঁকে মাত্র দু’জন রক্ষী দেওয়া হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মামলাটি একক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। ডিমবর্ষণ সংক্রান্ত অন্য একটি জনস্বার্থ মামলার সঙ্গেই এই বিষয়টি শোনা হবে এবং পরবর্তী শুনানিতে কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।