ভারতের ধনীরা কি উন্নত বিশ্বের গরিবদের চেয়েও পিছিয়ে?

বার্তা ডেস্কঃ

এ দেশের ‘ধনী’ বলে গণ্য হওয়া মানুষের আর্থিক সামর্থ্য আমেরিকা, কানাডা বা জার্মানির মতো উন্নত দেশের গরিব মানুষের থেকেও কম। বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের ‘দারিদ্র্য ও অসাম্যের মঞ্চ’-এর সাম্প্রতিক রিপোর্টে এই চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, ভারতে মাসিক ৮০ হাজার টাকা রোজগার করলেই দেশের শীর্ষ ১০ শতাংশ ধনীর তালিকায় নাম ওঠে। অথচ এই ধনীতম ১০ শতাংশের সর্বনিম্ন স্তরের মানুষের পরিবারে মাথাপিছু দৈনিক ব্যয় মাত্র ১০ ডলারের কাছাকাছি। তুলনামূলকভাবে আমেরিকায় এই দৈনিক খরচের পরিমাণ ২৫ ডলার, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার এবং কানাডায় ৩১ ডলার।

বিশেষজ্ঞদের মতে, এই বৈষম্য কেবল ধনী ও দরিদ্রের ফারাক নয়, বরং সমগ্র অর্থব্যবস্থা জুড়ে কম আয়ের গভীর সংকটের ইঙ্গিত দেয়। উন্নত দেশগুলিতে দরিদ্রতম ১০ শতাংশ মানুষ যে পরিমাণ অর্থ ব্যয় করেন, ভারতে ধনীতম ১০ শতাংশ মানুষের দৈনিক খরচ তার সমতুল্য বা তার চেয়েও কম। বিশেষজ্ঞদের অভিমত, কেবল দারিদ্র দূরীকরণ বা জীবনযাত্রার মান উন্নত করলেই দেশের প্রকৃত সমৃদ্ধি আসবে না। সামগ্রিকভাবে দেশের উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং মাথাপিছু আয় বৃদ্ধি না করলে উন্নত বিশ্বের অর্থনীতির সঙ্গে ভারতের ব্যবধান ঘোচানো সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *