১৫ অক্টোবর থেকেই খুশির মেজাজ, দুর্গাপুজোয় স্কুল ছুটি কতদিনের?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যের স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য এক বিরাট সুখবর শোনালো রাজ্য সরকার। দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৫ অক্টোবর পঞ্চমী থেকেই ছুটি পড়ে যাচ্ছে বাংলা সমস্ত সরকারি ও সরকারপোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, বুধবার পর্যন্ত পঠন-পাঠন স্বাভাবিক থাকার পর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত একটানা বন্ধ থাকবে ক্লাস। এর মাঝে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবারও যুক্ত হচ্ছে। ফলে উৎসবের আনন্দ উপভোগ করতে পড়ুয়াদের জন্য থাকছে লম্বা ছুটির সুবর্ণ সুযোগ।
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন দুর্গাপুজো ও কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে স্কুল ছুটি থাকবে। এই সময়সীমার মধ্যে ১৭ থেকে ২১ অক্টোবর সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া রাজ্য সরকার ২২, ২৩ ও ২৪ অক্টোবর দুর্গাপূজার অতিরিক্ত ছুটি এবং ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে। দুর্গাপুজোর এই দীর্ঘ বিরতির পর লক্ষ্মীপুজো মিটলে ফের স্বমহিমায় খুলবে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ, তবে পরবর্তীতে কালীপুজো ও ভাইফোঁটাতেও থাকবে ছুটির রেশ।