স্কুলের পুকুরেই টাটকা শিঙ্গি মাছ, মিড ডে মিলেই এবার বড় চমক!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমের ঠিক আগেই মিড ডে মিলে এল দারুণ চমক। ডেবরা থানার ৪ নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমনি প্রাথমিক বিদ্যালয়ে পুজোর ছুটির ঠিক মুখে স্কুল পড়ুয়াদের পাতে দেওয়া হলো টাটকা শিঙ্গি মাছ। বিশেষ বিষয় হলো, এই মাছ বাইরে থেকে কেনা নয়, বরং স্কুলের নিজস্ব চৌবাচ্চাতেই সফলভাবে চাষ করা হয়েছে। উল্লেখ্য, এই বিদ্যালয়টি আগে থেকেই জৈব পদ্ধতিতে মাশরুম চাষের জন্য জেলাজুড়ে বেশ সুনাম অর্জন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো চৌবাচ্চার মাছ চাষ।
শিক্ষক ও কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের সঠিক পুষ্টি নিশ্চিত করা। প্রায় চার মাস আগে স্কুলের চৌবাচ্চায় মোট ১৫০০টি শিঙ্গি মাছের পোনা ছাড়া হয়েছিল, যা আজ দীর্ঘ যত্নের পর খুদেদের খাবারের পাতে স্থান পেয়েছে। পাশাপাশি জৈব পদ্ধতিতে কীভাবে মাছ চাষ হয়, তা সরাসরি দেখে শিক্ষার্থীদের মধ্যেও প্রবল আগ্রহ তৈরি হয়েছে। আগামীতেও প্রতি মাসে অন্তত একবার এই মাছ খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। ছুটির মুখে এমন সুস্বাদু ও পুষ্টিকর মেনু পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।