হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে এবার আকাশছোঁয়া বিলাসিতা, বদলে যাবে আপনার ভ্রমণের অভিজ্ঞতা!

বার্তা ডেস্কঃ

রেলযাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও পরিচ্ছন্ন করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল। হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণীর এসি কামরায় প্রচলিত সাধারণ কম্বলের জায়গায় এবার থেকে সরবরাহ করা হবে আকর্ষণীয় ফ্লোরাল কমফোর্টার। দীর্ঘদিন ধরেই ট্রেনের কম্বলের পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল, কারণ চাদর বা বালিশের কভারের মতো প্রতি যাত্রার পর কম্বল ধোয়া হতো না। গত বছর পরীক্ষামূলকভাবে কভার-সহ কম্বল দেওয়ার উদ্যোগ নেওয়ার পর, এবার উৎসবের মরশুমে ১১ অক্টোবর থেকে এই নতুন প্রিমিয়াম ব্যবস্থা চালু করা হয়েছে, যা উৎসবের দিনে রেলভ্রমণে আভিজাত্যের এক অনন্য ছোঁয়া এনে দেবে।

উল্লেখ্য, দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস হিসেবে ১৯৬৯ সালের ৩রা মার্চ যাত্রা শুরু করেছিল হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, যা অত্যন্ত জনপ্রিয়। সূচনাকালে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি ভ্যাকুয়াম-ব্রেকযুক্ত নয়টি কোচ নিয়ে এই ঐতিহাসিক ট্রেনের যাত্রা শুরু হয়। যার মধ্যে ছিল দুটি পাওয়ার কার, পাঁচটি এসি চেয়ার কার, একটি এসি ডাইনিং কার এবং একটি ফার্স্ট এসি কোচ। দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী দুটিকে জুড়ে রাখা এই ঐতিহ্যবাহী ট্রেনে ফ্লোরাল কমফোর্টার চালুর মাধ্যমে যাত্রীদের আধুনিক ও মানসম্মত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় রেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *