দলীয় রাজনীতিতে বড় রদবদল, হঠাৎ পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী সাবিনা!

বার্তা ডেস্কঃ

রাজ্যের রাজনীতির গতিপথ বদলে দিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস (ডিটিসি) বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের রাজ্য মহিলা শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। দলীয় সূত্রে খবর, ইস্তফার কারণ স্পষ্ট করে ইতিমধ্যেই ডিটিসি-র রাজ্য সভাপতি বিপ্লব মিত্রের কাছে নিজের চিঠি পাঠিয়েছেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অভ্যন্তরীণ বিদ্রোহের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রতের শিবিরে যোগ দেওয়া প্রায় ৬০ জন বিধায়কের মধ্যে অন্যতম ছিলেন এই সাবিনা।

তবে কোনো দলীয় কোন্দল নয়, পদত্যাগের পেছনে নিজের শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতির কথাই তুলে ধরেছেন এই বিধায়ক। তাঁর মতে, রাজ্য মহিলা সভানেত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে রাজ্যজুড়ে সংগঠন সামলাতে হয়, যা তাঁর বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। অহেতুক পদ আঁকড়ে না রেখে তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগঠনের রাজ্য সভাপতির কাছে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন সাবিনা ইয়াসমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *