যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো কি অপরাধ? তিহাড়ে ধৃত যুবনেতাদের পাশে রাহুল!
বার্তা ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই ধৃতদের পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট দাবি, নিজের দেশে শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো কোনও মতেই অপরাধ হতে পারে না এবং যুবনেতাদের এভাবে জেলে পাঠানো সম্পূর্ণ অন্যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অমান্য করে গত মঙ্গলবার দিল্লি পুলিশের বাধা উপেক্ষা করে যন্তর মন্তরে প্রবেশ করেন সিজেপির ওই নেতারা, যার জেরে তাঁদের আটক ও পরবর্তীতে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালসহ ‘ইন্ডিয়া’ ব্লকের একাধিক হেভিওয়েট নেতাও সরব হয়েছেন। বিরোধী শিবিরের অভিযোগ, নাগরিকদের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।