কম দুধ দিচ্ছে গরু! থানায় গিয়ে এমন কাণ্ড করলেন গো-পালক যে মাথা ঘুরে গেল পুলিশেরও!

বার্তা ডেস্কঃ

প্রত্যাশিত পরিমাণে দুধ না দেওয়ায় বিক্রেতার বিরুদ্ধে সটান থানায় নালিশ ঠুকলেন এক গো-পালক। সোমবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার পুলিশ। কৃষিকাজের পাশাপাশি গো-পালনকারী লক্ষ্মণ যাদব সম্প্রতি উপরডাঙা গ্রামের এক বাসিন্দার কাছ থেকে ৩২ হাজার টাকায় একটি অন্তঃসত্ত্বা গরু কিনেছিলেন। কেনার সময় বিক্রেতা দৈনিক ৮ থেকে ১০ লিটার দুধ পাওয়ার আশ্বাস দিলেও, গরুটি প্রসবের পর মাত্র ৩ লিটার দুধ দিতে শুরু করে। অভিযোগ জানাতে থানায় পৌঁছে নাছোরবান্দা গো-পালক সাফ জানিয়ে দেন, সমাধান না পেলে তিনি থানা ছাড়বেন না। অপরাধমূলক ঘটনার তদন্তে অভ্যস্ত পুলিশকর্মীরা এমন আজব অভিযোগে প্রথমে হতবাক হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ শেষ পর্যন্ত বিক্রেতাকে থানায় ডেকে পাঠায়। দীর্ঘ আলোচনার পর বিক্রেতা ক্ষতিপূরণ বাবদ লক্ষ্মণ যাদবকে দুই হাজার টাকা ফেরত দিতে রাজি হন। সেই টাকা হাতে পাওয়ার পরই শান্ত হয়ে থানামুখো হন ওই গো-পালক। পুলিশি মধ্যস্থতায় অভিনব এই সমস্যার সুরাহা হলেও, সাধারণ এক অভিযোগের নিষ্পত্তি করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *