উৎসবের মরশুমে ভারতে বড়সড় হামলার ছক, সীমান্তে উদ্ধার পাকিস্তানের মারণ অস্ত্র!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে ভারতে এক ভয়াবহ নাশকতার বড়সড় ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তের শ্রীগঙ্গানগর সেক্টরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে সাড়ে ৭ কেজি আরডিএক্স, আইইডি, ডিটোনেটর, টাইমার, রেডিমেড বোমা, তুরস্কের তৈরি জিগানা পিস্তল এবং ৮৬৭টি কার্তুজ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উৎসবের মরশুমে জনবহুল এলাকায় রক্তক্ষয়ী হামলা চালাতেই পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে এই শক্তিশালী বিস্ফোরক ও মারণ অস্ত্র পাঠিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ও ১৩ অক্টোবর রাতে সীমান্তের আকাশে তিনটি পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল। বৃহস্পতিবার সকালে সীমান্তের কাছের এক জঙ্গলে সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। সীমান্ত রক্ষী ও পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্যাকেটগুলি উদ্ধার করে। ড্রোনের মাধ্যমে সীমান্ত পার থেকে এই বিপুল বিস্ফোরক ফেলার সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে ড্রোনগুলি পালিয়ে যায়। পুলিশের সতর্কতায় আপাতত এড়ানো গেল বিরাট এক বিপর্যয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *