আমেরিকার হিন্দু মন্দিরে ভয়াবহ হামলার ছক, উদ্বেগ বাড়াচ্ছে চাঞ্চল্যকর তথ্য!
বার্তা ডেস্কঃ
আমেরিকার ইলিনয় প্রদেশে একটি হিন্দু মন্দিরে বন্দুক নিয়ে হামলা চালিয়ে বড় ধরনের গণহত্যার পরিকল্পনা বানচাল করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৯ বছরের এক যুবককে। এই ঘটনায় আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষ এবং বর্ণবিদ্বেষমূলক হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হিন্দু-বিরোধী মনোভাব এবং ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। সে পালাটাইন এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি আট পাতার ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে, যেখানে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শ এবং ভারতীয়দের ওপর হামলার ছকের কথা উল্লেখ ছিল। অরোরার একটি হিন্দু উপাসনাস্থলকে নিশানা করে সে অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়েছিল বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলির পাশাপাশি এফবিআই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।