চিনকে উপেক্ষা করে প্রথম বিদেশ সফরে ভারতমুখী নেপালের প্রধানমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে চিনকে বাদ দিয়ে ভারতকেই বেছে নিলেন বালেন শাহ। চলতি বছরের নভেম্বরে তাঁর এই সম্ভাব্য সফর ঘিরে কূটনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। গত মার্চ মাসে ক্ষমতা গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর হতে চলেছে। এর আগে প্রথা ভেঙে পূর্ববর্তী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চিনকে প্রথম সফরের জন্য বেছে নিলেও, বালেন শাহ সেই দীর্ঘদিনের ধারা বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার বার্তা দিলেন। সম্প্রতি নেপালে হওয়া ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময়ে ভারত যেভাবে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে, তাতে কাঠমান্ডুর নীতিনির্ধারকদের মনোভাব বদলাতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও দ্বিপাক্ষিক সহযোগিতাসূচক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী, পানৌতিতে ভারতীয় সহায়তায় নির্মিত নেপাল পুলিশ অ্যাকাডেমি, ভৈরহাওয়ায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং মহাকালী নদীর উপর নির্মিত সেতুর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া জলবিদ্যুৎ ক্ষেত্রে এনএইচপিসির সঙ্গে যৌথ প্রকল্পগুলি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। বন্যাবিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ভারতের কাছে আর্থিক ঋণ সহায়তার জোরালো আর্জিও জানাতে পারে কাঠমান্ডু, যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।