পঞ্চমীর বিকেলে রক্তে ভেসে যাওয়া ঘর, যুবতীর রহস্যমৃত্যুতে স্তব্ধ চুঁচুড়া!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আনন্দের মাঝেই পঞ্চমীর বিকেলে চুঁচুড়ার প্রতাপপুরে এক বন্ধ ঘর থেকে সানন্দা বারিক (৩৮) নামের এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোরগোল পড়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর ধরে ওই দম্পতি প্রতাপপুরে একটি ভাড়া বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মদনমোহন বারিকের কোনো খোঁজ মিলছে না। বুধবার রাত থেকে তাদের কোনো সাড়া না মেলায় এবং মোবাইল বন্ধ থাকায় বাড়ির মালিক ও পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে জানলা দিয়ে ঘরের মেঝেতে রক্তমাখা দেহ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। পরিবারের দাবি, দম্পতির মধ্যে কোনো অশান্তির কথা তাঁদের জানা ছিল না, তবে এই মৃত্যুর জন্য স্বামী মদনমোহনই দায়ী। এদিকে ঘটনার পর থেকে স্বামীর রহস্যজনক নিখোঁজ হওয়া এবং পুজোর মরশুমে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং পলাতক স্বামীর সন্ধানে জোরদার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *