দেবীপক্ষে বড় সুখবর, রাজ্যের ৪৫ হাজারেরও বেশি শূন্যপদে সরকারি চাকরির বিরাট সুযোগ!
বার্তা ডেস্কঃ
চলতি আর্থিক বছরে রাজ্যে এক লক্ষেরও বেশি বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেবীপক্ষে আরও এক ঐতিহাসিক ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন দফতরে মোট ৪৫,১৮৫টি শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
এর আগে সম্প্রতি রাজ্যের ১১ হাজার পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তিনি নভেম্বরের মধ্যে আরও ৯ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন। এবার সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই একলাফে ৪৫ হাজারের বেশি পদে নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
কোথায় কত শূন্যপদে নিয়োগ?
চতুর্থীর সন্ধ্যায় নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান যে, পুলিশ, স্কুল এবং পঞ্চায়েতসহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এই কর্মী নিয়োগ করা হবে। ক্যাবিনেটের অনুমোদন পাওয়া পদগুলির হিসাব নিচে দেওয়া হলো:
- স্কুলশিক্ষা দফতর: ৩৩,১৯১ জন
- পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দফতর: ৭,১১৯ জন
- টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কুল ডেভেলপমেন্ট: ১,৮৮৬ জন
- পুলিশ বিভাগ: ৯৯৬ জন
স্কুলশিক্ষা দফতরেই সবচেয়ে বড় নিয়োগ
ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ হতে চলেছে স্কুলশিক্ষা দফতরে। মোট ৩৩,১৯১ জন শিক্ষক ও কর্মী নিয়োগের ক্যাবিনেট অনুমোদনের মধ্যে রয়েছে:
- প্রাথমিক শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট টিচার – প্রাইমারি): ৪,৪৩২ জন
- উচ্চ প্রাথমিক শিক্ষক (আপার প্রাইমারি): ৬,০৫২ জন
- সহকারী শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট টিচার): ১২,৩৪৩ জন
- প্রথম শ্রেণির শিক্ষক (ফার্স্ট গ্রেড টিচার): ১,০৩২ জন
- পোস্ট গ্র্যাজুয়েট সহকারী শিক্ষক (পিজি): ২৩ জন
- প্রধান শিক্ষক (হেডমাস্টার): ৪,৩৯৪ জন
কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া?
নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা বলা হলেও, কোন পদে কবে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কিংবা পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কেমন হবে—তা জানতে সংশ্লিষ্ট দফতরের অফিশিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকতে হবে। চাকরিপ্রার্থীদের নিয়মিত সরকারি পোর্টালগুলোতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রের খবর, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই (আগামী মার্চের মধ্যে) রাজ্যের ৫৪টি দফতরের মাধ্যমে ধাপে ধাপে এই এক লক্ষ সরকারি শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অক্টোবর থেকে শুরু হওয়া এই পদক্ষেপে বেকার যুবসমাজ দারুণ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।