ভোটার তালিকায় আপনার নাম আছে তো? ৪ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বদলাবে ভাগ্য!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গসহ দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আগামী বছরের ১ জানুয়ারিকে যোগ্যতা নির্ধারণের ভিত্তি ধরে এই প্রক্রিয়া পরিচালিত হবে।ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, ২ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রের পুনর্বিন্যাস শেষ করার পর ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।এরপর ১১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ নাগরিকরা নতুন নাম তোলা, ভুল সংশোধন কিংবা ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।প্রাপ্ত সমস্ত আবেদন ও আপত্তির নিষ্পত্তির কাজ ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে আগামী বছরের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। পাশাপাশি পরবর্তী নির্দিষ্ট সময়সীমায় যাঁরা যোগ্য হবেন, তাঁদের থেকেও আগাম আবেদন নেওয়া হবে।
ভোটার তালিকায় নামের পুনরাবৃত্তি রোধ এবং ভুয়ো বা মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কমিশন। অন্যায়ভাবে নাম বাদ পড়া রোধে মৃত্যুর ঘটনা ব্যতিরেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ ও ব্যক্তিগত নোটিস পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে নির্বাচনী ব্যবস্থার পরিকাঠামোগত সংস্কারে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক ১২০০ জন ভোটার রাখা এবং ভোটারদের যাতায়াতের দূরত্ব সর্বোচ্চ ২ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের একই ভোটকেন্দ্র ও তালিকার এক অংশে অন্তর্ভুক্ত করার অগ্রাধিকার নিশ্চিত করতে কমিশন কঠোর নির্দেশিকা জারি করেছে।