নতুন জামা পরে সেরা মণ্ডপ ভ্রমণ, কাটোয়ার ৫২ শিশুর চোখেমুখে এখন খুশির জোয়ার!

বার্তা ডেস্কঃ

অভাবের সংসারে উৎসবের নতুন জামা পরা বা জাঁকজমকপূর্ণ মণ্ডপে ঠাকুর দেখা যাদের কাছে কেবলই রূপকথা ছিল, এবার সেই সব দুঃস্থ শিশুদের মুখে ফুটল চওড়া হাসি। কেতুগ্রামের সামাজিক সংস্থা ‘সাউথ কলকাতা সুচেতন উদ্যোগ’-এর মানবিক প্রচেষ্টায় কাটোয়া শহরে তৈরি হলো এক আবেগঘন শারদীয় মুহূর্ত। সংস্থাটির পক্ষ থেকে কেতুগ্রাম ও সংলগ্ন এলাকার মোট ৫২ জন খুদের হাতে রঙিন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি কাটোয়ার নামী-দামি পুজো মণ্ডপগুলিতে বিশেষ পরিক্রমার আয়োজন করা হয়।

জীবনে প্রথমবার বড় মণ্ডপের আলো ও ব্যস্ত শহরের ভিড় কাছ থেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশুরা। অন্যের কাজ বা সামান্য পারিশ্রমিকে সংসার চালানো অভাবী পরিবারগুলোর জন্য উৎসবের এই আনন্দে সামিল হওয়া প্রায় আসাম্ভব ছিল। সন্তানদের মুখের অনাবিল হাসি দেখে আবেগপ্লুত হয়ে পড়েন অভিভাবকরাও। অভাবের অন্ধকার ভুলে শিশুরা শারদোৎসবের মূল স্রোতে সামিল হতে পারায় উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়াবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *