‘আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন!’ এমন নোটিস পেয়েই ফুঁসে উঠলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপ!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিতর্কিত ‘তিরঙ্গা যাত্রা’-র প্রাক্কালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দিল্লির বাড়িতে পৌঁছে নোটিস ধরাল দিল্লি পুলিশ। শুক্রবারের নির্ধারিত কর্মসূচি বাতিল করার বার্তা দিতেই ক্ষোভে ফেটে পড়েন অভিজিৎ। পুলিশের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, ইচ্ছে হলে তাঁকে যেন সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে বেআইনি উসকানির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এই পুলিশি পদক্ষেপকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এবং দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে এই আন্দোলন ডাকা হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় বড় জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে ফ্ল্যাগ কোড মেনে নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ ১১ জনের একটি দল জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি পেতে পারে। আইন অমান্য করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *