ছোটদের ইন্টারনেট ব্যবহার কি শুধুই বিপদ নাকি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টের তোলপাড় ফেলা পর্যবেক্ষণ!
বার্তা ডেস্কঃ
সংবিধানের ২১ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের অধিকার সকল মানুষের মৌলিক অধিকার এবং শিশুদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য— এক গুরুত্বপূর্ণ মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দেয়, সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত কনটেন্ট শনাক্ত করে সরিয়ে ফেলার ব্যবস্থা আরও জোরদার করতে হবে। তবে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কেবল নিরাপত্তার দোহাই দিয়ে শিশুদের ডিজিটাল মাধ্যম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অযৌক্তিক। সার্বিক নিষেধাজ্ঞা জারি করলে শিশুরা অনিয়ন্ত্রিত ওয়েবসাইটের দিকে ঝুঁকে পড়ে আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।
শীর্ষ আদালত জানায়, সার্বিক নিষেধাজ্ঞার বদলে বাবা-মায়ের সম্মতি, সঠিক দিকনির্দেশনা এবং অ্যাকাউন্টে ‘চাইল্ড মোড’-এর মতো নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া প্রয়োজন। এছাড়া বয়সের ভিত্তিতে নজরদারি বা তথ্য সংগ্রহ করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে বেঞ্চ। বিচারপতিদের মতে, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও তা যেন শিশুদের বাকস্বাধীনতা ও মৌলিক তথ্য প্রাপ্তির অধিকারে বাধা হয়ে না দাঁড়ায়।