হুমকি ও ভাঙচুরকে বুড়ো আঙুল, কলকাতাতেই বই বিক্রির রেকর্ড গড়ল এসইউসিআই!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে অসংখ্য বইয়ের স্টলে ভাঙচুর ও হুমকির মুখেও দুর্গাপূজায় রেকর্ড বই বিক্রি করেছে এসইউসিআই। দলের প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধুমাত্র কলকাতার স্টলগুলিতেই ১০ লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি। মার্কসবাদ ও সমাজবাদের পাশাপাশি স্বামী বিবেকানন্দ এবং আলবার্ট আইনস্টাইনের চিন্তাভাবনাভিত্তিক বইগুলোর প্রতি পাঠকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার প্রতিবাদে পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে বই কিনেছেন এবং অনেক জায়গায় স্টল ক্ষতিগ্রস্ত হওয়ার পরও টেবিল-চেয়ার পেতে খোলা আকাশের নিচে কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে।

বই বিক্রির এই অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি বামপন্থী দলগুলির স্টলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এসইউসিআই রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। তাঁর অভিযোগ, গত ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে বিজেপি ও আরএসএস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একাধিক বইয়ের স্টলে ভাঙচুর চালিয়েছে এবং মনীষীদের বইপত্র পদদলিত করেছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি জানান, চরম প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং পাঠকদের সাহসিকতার ফলেই এই রেকর্ড বিক্রি সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *