২০২৮ সালে দু’বার দুর্গাপুজো, কীভাবে সম্ভব এমন অঘটন?
বার্তা ডেস্কঃ
এক বছরে দু’বার দুর্গাপুজো! ১৯৮০ সালের সেই বিরল দৃশ্য ফের ফিরে আসতে চলেছে ২০২৮ সালে। পঞ্জিকার ভিন্ন গণনা পদ্ধতির কারণে বঙ্গবাসীর ঘরে ঘরে এখন থেকেই শুরু হয়েছে এই নিয়ে তুমুল চর্চা। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং সূর্যসিদ্ধান্ত—এই দুই মতের পার্থক্যের জেরে ২০২৮ সালে দু’টি দুর্গাপুজোর মধ্যে প্রায় ১৫ দিনের ব্যবধান থাকতে পারে বলে জানাচ্ছেন শাস্ত্রজ্ঞরা। উল্লেখ্য, এর আগে ১৯৮০ সালেও একই কারণে দু’বার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পঞ্জিকাভেদে পুজোর ব্যবধান ছিল প্রায় এক মাস।
বাঙালির প্রাণের উৎসবে ছুটির দিনক্ষণ নিয়েও ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বিশেষজ্ঞদের মতে, অতীতে ১৯৮০ সালে সূর্যসিদ্ধান্তের বারোয়ারি পুজোর সময়কেই ছুটির জন্য প্রাধান্য দেওয়া হয়েছিল। এবারও পুজোর এই দ্বৈত সমাপতন সম্পূর্ণ নিয়ম ও আচার মেনে হলেও, দুটি পুজোতেই অঞ্জলি দেওয়ার সুযোগ থাকছে আমজনতার সামনে। মহাজাগতিক অবস্থানের হিসাব ও পঞ্জিকার এই ভিন্নতার কারণে ২০২৮ সালের দুর্গাপুজো যে এক নতুন চমক নিয়ে আসছে, তা বলাই বাহুল্য।