চোরবাগান বিপর্যয়ে মাইকে বিভ্রান্তিকর ঘোষণা! পুলিশের জালে আরও এক অভিযুক্ত

বার্তা ডেস্কঃ

কলকাতার চোরবাগান পুজো মণ্ডপের ভয়াবহ পদপিষ্টের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রবল ভিড়ের মাঝে মাইকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আরও এক ঘোষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বাবু মজুমদার ওরফে কালিয়া, যাকে নদিয়া থেকে জালে তুলেছে লালবাজারের গোয়েন্দারা। এর আগে সেন্টু নামে অপর এক ঘোষককে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার দিন “মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে” বলে মাইকে ভুল ঘোষণা করায় হুড়োহুড়ি শুরু হয়, যার ফলে ১৯ জন প্রাণ হারান এবং বহু দর্শনার্থী গুরুতর আহত হন। এই দুই ঘোষক কারও নির্দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বিভ্রান্তি ছড়িয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে, এই মর্মান্তিক ট্র্যাজেডির নিরপেক্ষ তদন্তে তৎপরতা বাড়িয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। হাইকোর্টের নির্দেশে গঠিত এই সিটের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য দলে রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্পেশাল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের। মণ্ডপ প্রাঙ্গণে থ্রি-ডি স্ক্যানার ও ফরেনসিক দলের সাহায্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন সিটের সদস্যরা। পুজো উদযাপনের মাঝে এতগুলো প্রাণহানির ঘটনার পর পুরো এলাকা জুড়ে এখনও তীব্র শোক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *