পুজো মিটতেই বড় পদক্ষেপ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট মমতা-রাহুল!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুম শেষ হতেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি শুরু করল বিরোধী INDIA জোট। পরবর্তী রাজনৈতিক কৌশল ও আন্দোলনের রূপরেখা নির্ধারণে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আহ্বানে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, এই হাইভোল্টেজ বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দুর্গাপুজো ও দসেরার কারণে বিক্ষোভ কিছুটা স্তিমিত থাকলেও, নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট ও পদত্যাগের দাবিতে আন্দোলন নতুন করে কীভাবে জোরাল করা যায়, তা নিয়েই মূল আলোচনা হবে।
সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত এক সুবিশাল প্রতিবাদ মিছিলের পরিকল্পনা রয়েছে জোটের। বিরোধী শিবিরের স্পষ্ট বার্তা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লড়াইয়ের ময়দান ছাড়বেন না। দীপাবলির পরপরই নভেম্বর মাস থেকে আন্দোলনের ঝাঁজ বহুগুণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব। সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি জানান, এই মুহূর্তে একাধিক বিকল্প নিয়ে জোটের অন্দরে চর্চা চলছে এবং দরকারে সংসদীয় ভবনেও প্রতিবাদ কর্মসূচি সম্প্রসারিত করা হতে পারে।