রাহুলকে ‘ফেলড প্রোডাক্ট’ তকমা মোদির, বিরোধীদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে যোগ দিয়ে নাম না করে রাহুল গান্ধী ও কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী রাজনৈতিক শিবিরকে সরাসরি নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, বিশ্ব যখন এক নতুন শৃঙ্খলার খোঁজে রয়েছে, তখন দেশের ভেতরেই কিছু মানুষ কেবল বিশৃঙ্খলার স্বপ্ন দেখে চলেছেন। একটি নির্দিষ্ট পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে কংগ্রেস ভারতের অগ্রগতি, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্মানকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে কংগ্রেস নেতাকে বারবার প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রীহরিকোটা থেকেও হয়তো এতবার রকেট উৎক্ষেপণ করা হয় না, যতবার কংগ্রেস নিজেদের ব্যর্থ পণ্যটিকে বাজারে চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কংগ্রেসকে একটি ‘পরজীবী’ এবং ‘দিমাগি নকশালদের’ দ্বারা নিয়ন্ত্রিত দল বলে অভিহিত করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, দলটি এখন দেশ ধ্বংসের পথ বেছে নিয়েছে। তাঁর মতে, নিজেদের ব্যর্থতার হতাশায় কংগ্রেস এখন এতটাই নিমজ্জিত যে ভারতের যাবতীয় অর্জনকে তারা বিনষ্ট করতে উদ্যত হয়েছে। বিরোধীরা বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন বলেও তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিশ্বমঞ্চে ভারতের বলিষ্ঠ ও সুদৃঢ় ভাবমূর্তি তুলে ধরার বদলে কতিপয় রাজনৈতিক নেতৃত্ব কেবল সংকীর্ণ স্বার্থে দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই ব্যস্ত রয়েছে বলে সোচ্চার হন প্রধানমন্ত্রী।